দাগনভূঞায় চোখ বেঁধে ব্যাংকের কর্মচারীর কাছ থেকে টাকা ছিনতাই
র্যাব পরিচয়ে ফেনীতে ইসলামী ব্যাংক এজেন্টের ৮ লাখ টাকা ছিনতাই
- আপডেট সময় : ১০:৪৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধিঃ
ফেনীর দাগনভূঞায় র্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মচারীর কাছ থেকে আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মাতুভূঞা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেকের বাজার এজেন্ট শাখার দুই কর্মচারী ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা থেকে আট লাখ টাকা উত্তোলন করে সিএনজিচালিত অটোরিকশাযোগে ফিরছিলেন। পথে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মাতুভূঞা ব্রিজ এলাকায় পৌঁছালে র্যাব পরিচয়ে কয়েকজন লোক তাদের গতিরোধ করে মারধর করেন এবং জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেন। পরে তাদের চোখ বেঁধে টাকা ছিনিয়ে নিয়ে নোয়াখালীর সেনবাগ এলাকায় ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংক কর্মচারী দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”














