ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানোয় ক্ষতির পরিমাণ বেড়েছে — ব্যবসায়ীদের অভিযোগ
কুড়িগ্রামের কচাকাটা বাজারে ভয়াবহ আগুন: পুড়ে ছারখার ১০+ দোকান, ক্ষতি কোটি টাকার বেশি
- আপডেট সময় : ০৩:৩৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অন্তর্গত কচাকাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে ১০টিরও বেশি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছারখার হয়ে গেছে। শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে সংঘটিত এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমানিক ১ কোটিরও বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের মাঝহাটি এলাকায় ব্যবসায়ী প্রোঃ মোঃ হাসেন আলী (মহাজন) এর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে কীটনাশকের দোকান, মুদি দোকানসহ ১০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এসময় ব্যবসায়ীদের জমাকৃত পণ্য, দোকানের সব সামগ্রী এবং মূল্যবান হিসাবের খাতা আগুনে পুড়ে নষ্ট হয়।
একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রোঃ মোঃ আমিনুর রহমান (মাস্টার) জানান, “অনেক ব্যবসায়ী রাতে নিরাপত্তার জন্য তাদের মাল আমার দোকানে রাখতেন। সব মালামালসহ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা পথে বসে গেলাম।”
স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা পানি ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে, কচাকাটা এলাকায় যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাজারের বড় অংশ ভস্মীভূত হয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সময়ের মধ্যে ফায়ার সার্ভিস আসতে পারলে ক্ষতি এত বেশি হতো না।”
ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা অসাবধানবশত চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, “সবকিছু শেষ হয়ে গেছে। সরকারের জরুরি সহায়তা ছাড়া আমরা আর ঘুরে দাঁড়াতে পারব না।”
এদিকে বাজারের মানুষের মাঝে শোক ও হতাশার ছায়া নেমে এসেছে এবং দ্রুত পুনর্বাসনের দাবি উঠেছে।














