রাউজানের নোয়াপাড়ায় র্যাবের অভিযানে দুই জন গ্রেফতার, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
চট্টগ্রামের রাউজানে র্যাবের অভিযান: বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ২
- আপডেট সময় : ০৮:১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

এমরান হোসাইন |নিজস্ব প্রতিবেদক |চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় র্যাব-৭ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে—রাউজান থানার নোয়াপাড়া এলাকার একটি বসতবাড়িতে অস্ত্র মজুদ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি বিশেষ দল কামাল উদ্দিনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানে বাড়ি থেকে ৩টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শুটার গান, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৫টি রামদা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন সময়ে বাড়ির মালিক মোঃ কামাল উদ্দিন ও সহযোগী মোঃ সোহেল আহম্মদকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, ভবিষ্যতে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।














