রাজনৈতিক দলগুলোর ইশতেহারে জলবায়ু বিষয়ক ১৫ দফা অন্তর্ভুক্তির আহ্বান
কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:
স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) দিনব্যাপী কুড়িগ্রাম শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে জেলা ও উপজেলা জলবায়ু পরিষদের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি আফতাব উদ্দিন।
সংলাপে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইয়াছিন আলী সরকার, এনসিপি’র ড. আতিক মুজাহিদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অধ্যক্ষ মুহাম্মদ নূর বখ্ত, গণঅধিকার পরিষদের আব্দুল্লাহ মিয়া বাবলু, সিপিবি’র নূর মোহাম্মদ আনসার, ইএসডিও’র একশন টু ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক গোলাম ফারুক এবং লাইভলিহুড অ্যান্ড এগ্রিকালচার অফিসার সোহেল রানা প্রমুখ।
সংলাপে জেলা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক খাদিজা পারভীন খুশি রাজনৈতিক দলগুলোর ইশতেহারে জলবায়ু বিষয়ক ১৫ দফা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। এসময় উপস্থিত রাজনৈতিক নেতারা দফাগুলোর পক্ষে স্বাক্ষর করেন।
উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে— কুড়িগ্রামের সকল বাঁধ রক্ষা ও মেরামত, প্রয়োজনীয় নতুন বাঁধ নির্মাণ, চরাঞ্চলে সোলার ইরিগেশন ব্যবস্থা, বজ্রপাত দুর্ঘটনা রোধে কৃষক আশ্রয়কেন্দ্র ও বজ্রনিরোধক টাওয়ার স্থাপন, পরিবেশবান্ধব বৃক্ষরোপণ, জৈব সার ব্যবহারে উৎসাহ প্রদান, সিডব্যাংক ও তথ্যকেন্দ্র স্থাপন এবং জলবায়ু বিষয়ক সচেতনতা বৃদ্ধি।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, ঘূর্ণিঝড় ও নদী ভাঙনের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে কৃষি, খাদ্য ও জীবিকায় এর সরাসরি প্রভাব পড়ছে, যা মানুষকে গৃহহীন ও স্থানান্তরিত হতে বাধ্য করছে।
সংলাপে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী, গণমাধ্যমকর্মী, এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
সংলাপ আয়োজনের সহযোগিতা করে বেসরকারি সংস্থা ইএসডিও ও হেলভেটাস বাংলাদেশ।




















