স্থানীয় কৃষক-যুবদের অংশগ্রহণে জলবায়ু অভিযোজন পরিকল্পনা গঠন
হাওরে জলবায়ু পরিবর্তনে অভিযোজন: বারসিকের গ্রাম পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের খালাশীপাড়া গ্রামে বারসিকের “Cultivating Change” প্রকল্পের আওতায় “জলবায়ু পরিবর্তন ও হাওরের লোকায়ত অভিযোজন চর্চা” শীর্ষক ইউনিয়ন ভিত্তিক গ্রাম পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করা হয় এএসডিএফ অফিসে, যেখানে উপস্থিত ছিলেন ৪টি এগ্রোইকোলজি দলের সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও কৃষি বিভাগের প্রতিনিধি সহ মোট ২৩ জন কৃষক-কৃষাণী ও যুব অংশগ্রহণকারী।
বারসিকের সহযোগী সমন্বয়ক শংকর ম্রং এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ইউনিয়ন কৃষি প্রতিনিধি ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাব্বানী। তিনি হাওরাঞ্চলে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি, পরিবেশ, প্রাণবৈচিত্র্য ও জনস্বাস্থ্যের ওপর প্রভাব এবং তা মোকাবেলায় অভিযোজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অংশগ্রহণকারীরা দুই দলে বিভক্ত হয়ে হাওরাঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় চর্চা, দক্ষতা ও লোকায়ত জ্ঞান নিয়ে আলোচনা করেন। আলোচনার ভিত্তিতে কৃষি, পরিবেশ ও স্বাস্থ্য খাতের সমস্যাগুলো নিরূপণ করে অভিযোজনের জন্য করণীয় পরিকল্পনা তৈরি করা হয়। কর্মশালার মাধ্যমে হাওরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির পথ প্রশস্ত হয়।














