ফ্যাক্টরি বন্ধের প্রতিবাদে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপে সমাধান চেষ্টা চলছে
শ্রীপুরে এএ ইয়ার্ন ফ্যাক্টরি বন্ধে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- আপডেট সময় : ০৮:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতন পরিশোধ ও ফ্যাক্টরি পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ করেছেন এএ ইয়ার্ন ফ্যাক্টরির শ্রমিকেরা। আকস্মিকভাবে অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করায় ক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।
শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। গত ২৩ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের পর প্রশাসনের হস্তক্ষেপে বেতন দেওয়ার আশ্বাস দিয়েছিল কর্তৃপক্ষ। শ্রমিকদের জানানো হয়েছিল সোমবার থেকে ফ্যাক্টরি খুলে দেওয়া হবে। কিন্তু সকালে এসে তারা দেখেন, ফ্যাক্টরির মূল ফটকে ঝুলছে “অনির্দিষ্টকালের জন্য বন্ধ” ঘোষণা সংবলিত নোটিশ।
দীর্ঘদিনের শ্রমিক শামসুল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন,
> “কয়েক মাস ধরে বেতন নিয়ে টালবাহানা চলছে। এখন আন্দোলনের অজুহাতে হঠাৎ করে ফ্যাক্টরি বন্ধ ঘোষণা — এটা শ্রমিকদের সঙ্গে চরম অন্যায়।”
আরেক শ্রমিক জানান,
> “বেতন-ভাতা না দিয়েই ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা শুধু ন্যায্য দাবি তুলেছিলাম, তার জবাবে পেলাম লাঠিচার্জ আর টিয়ারগ্যাস।”
অন্যদিকে, কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. মনির হোসেন জানান,
> “২৩ অক্টোবরের আন্দোলনে শ্রমিকরা ভাঙচুর চালিয়েছে এবং গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তাই বাংলাদেশ শ্রম আইন ১৩(১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।”
এ বিষয়ে শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ বলেন,
> “খবর পেয়ে সকাল থেকেই পুলিশ কারখানার নিরাপত্তা নিশ্চিত করেছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে, তারা সমস্যা সমাধানে সময় চেয়েছেন।”
ফ্যাক্টরি বন্ধ হয়ে পড়ায় প্রায় তিন হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তাদের দাবি, দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও ফ্যাক্টরি পুনরায় চালু করতে হবে।
—






















