ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের স্থান পরিদর্শনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা ---
শাবিপ্রবি ফটকের পাশে মডেল মসজিদ নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন করল ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- আপডেট সময় : ০৫:৪৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের পশ্চিম পাশে মডেল মসজিদ নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন ধর্ম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।
আজ সোমবার সকাল ১১টায় প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে নির্ধারিত স্থানটি ঘুরে দেখেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ কামরুল ইসলাম, সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ জহির বিন আলম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌসী, অতিরিক্ত রেজিস্ট্রার আ. ফ. ম. মিফতাউল হক এবং ভাইস চ্যান্সেলরের সচিব ও অতিরিক্ত রেজিস্ট্রার ড. এ. এফ. এম. সালাউদ্দিন প্রমুখ।
অন্যদিকে, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শহিদুল আলম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মুঃ আঃ আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম এবং ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মোঃ সাজজাদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
স্থান পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি মসজিদ নির্মাণের সম্ভাব্যতা ও প্রস্তাবিত স্থানের উপযোগিতা নিয়ে মতবিনিময় করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই মডেল মসজিদটি সিলেটে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






















