খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে গড়ে তোলার আহ্বান
মানিকগঞ্জে কলতা অভয়চরণ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কলতা অভয়চরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ. তা. ম. জাহাঙ্গীর আলম খান লোদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আজাদ হোসেন খান, এ্যাডভোকেট নূর তাজ আলম বাহার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামিম খান।

প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, “তরুণ প্রজন্মকে মাদকাসক্তির কবল থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ।”
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।






















