রেল সংযোগ প্রকল্পের সময় খাল ভরাটে জলাবদ্ধতা, চাষাবাদ বন্ধ পাঁচ গ্রামে
রেল প্রকল্পে খাল ভরাটে জলাবদ্ধতা, চার বছর ধরে পানিবন্দি পাঁচ গ্রাম শিবচরে
- আপডেট সময় : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের পাঁচটি গ্রাম চার বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের সময় খালের মুখ বন্ধ করে দেওয়ায় এই পাঁচ গ্রামের মানুষ বছরের পর বছর পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছেন।
২০২১ সালে রেল সংযোগ প্রকল্পের কাজ চলাকালে রেললাইনের নিচে থাকা কালভার্ট ও খালের মুখ ভরাট করে দেওয়া হয়। প্রকল্প কর্মকর্তারা তখন আশ্বাস দিয়েছিলেন—কাজ শেষে খাল পুনঃখনন করে তা পাঁচ্চর খালের সঙ্গে যুক্ত করা হবে। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
ফলে হাজি নেদুখান চর কান্দি, হাজি নেদুখান পুরান কান্দি, শিকদার কান্দি, ফান্দি কান্দি ও আশপাশের গ্রামগুলো সারা বছর পানিতে নিমজ্জিত থাকে। বর্ষায় পানি নামতে না পারায় ফসল নষ্ট হচ্ছে, আর শুষ্ক মৌসুমে জমি শুকাতে সময় নিচ্ছে, ফলে মৌসুমি ফসল রোপণে বিঘ্ন ঘটছে।
স্থানীয় কৃষক আবুল কালাম খান বলেন, “রেল প্রকল্পের সময় আমাদের জমির পানি নিষ্কাশনের জন্য কালভার্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো আমরা পানিবন্দি। পানি নামছে না, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
আরেক কৃষক রেজা খান বলেন, “দ্রুত খালের মুখ খুলে দিলে আমরা চাষাবাদ করতে পারব। এখন জমি প্রায় অচাষযোগ্য হয়ে যাচ্ছে।”
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, “মাদবরচর ইউনিয়নের প্রায় ১৫০ একর জমি এখনো জলাবদ্ধ। রবি মৌসুম শুরু হলেও ফসল রোপণ সম্ভব হয়নি। আমরা এলাকা পরিদর্শন করেছি এবং দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান বলেন, “বিষয়টি জানার পর রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছি দ্রুত সমাধান আসবে।”
বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী নাজনিন আরা কেয়া জানান, “রেললাইনের নিচে ড্রেন তৈরি করার পরিকল্পনা ছিল, কিন্তু স্থানীয়ভাবে মাটির রাস্তা তৈরি হওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিগগিরই কাজ শুরু হবে।”






















