মানিকনগরে পূর্ব বিরোধের জেরে ইউসুফ গ্যাংয়ের অতর্কিত হামলায় দু’জন গুরুতর আহত
হরিরামপুরে জমি বিরোধে অতর্কিত হামলা, দু’জন গুরুতর আহত
- আপডেট সময় : ১২:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মানিকনগর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১২টা ৩০ মিনিটের দিকে ভুক্তভোগী মো. লাল মিয়ার বাড়িতে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে হামলা চালায়।
আহতরা হলেন— মোসাম্মৎ লাইলি বেগম (স্বামী: মো. লাল মিয়া) ও নাঈমুর ইসলাম নাঈম (২৩)। তারা বর্তমানে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ইউসুফ গ্যাংয়ের সদস্য শামিম, শাকিল, সোহান ও আকমাল ধারালো দা ও হাতুড়ি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে লাইলি বেগম ও নাঈমুর ইসলাম গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী আন্না বেগম জানান, হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে এবং জমি নিয়ে একাধিকবার ভুক্তভোগী পরিবারের সঙ্গে বিরোধে জড়িয়েছে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মো. লাল মিয়া বাদী হয়ে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”














