অপপ্রচার রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত—আনোয়ারুল ইসলাম চান
অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানালেন বিডিপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান
- আপডেট সময় : ০২:৫২:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধিঃ
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম চান তার বিরুদ্ধে ফেসবুকে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, “ইসলামী জোটের অংশ হিসেবে জামায়াতে ইসলাম আমাকে সমর্থন দিয়েছে। আমার নাম ও ছবি ব্যবহার করে আগামী নির্বাচনে আমার জনপ্রিয়তায় দিশাহারা হয়ে কিছু মহল বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে।”
বিডিপি চেয়ারম্যান আরও বলেন, তিনি জামায়াতে ইসলামীর কোনো বক্তব্যের দায় নিতে পারেন না। একজন স্বতন্ত্র রাজনৈতিক দল প্রধান হিসেবে শুধুমাত্র বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পক্ষে তিনি অবস্থান ব্যাখ্যা করেন।
আনোয়ারুল ইসলাম চান অভিযোগ করে বলেন, ফেসবুকে তার নামে “জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেল-জুলুম খাটতে হবে না” — এই ধরনের মিথ্যা বক্তব্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও জানান, গত পাঁচ মাসে তিনি নান্দাইলের ১০৫টি বাজার-হাট, ২০১টি গ্রাম এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। মানুষের সম্প্রীতি, ঐক্য ও দলমত নির্বিশেষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
শেষে আনোয়ারুল ইসলাম চান বলেন, “আমার বিরুদ্ধে ভার্চুয়াল মিডিয়াতে অপপ্রচার রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও হতাশাগ্রস্ততার বহিঃপ্রকাশ। আমি এর তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট মহলকে ভবিষ্যতে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই।”














