জৈনা বাজার থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ওষুধ ব্যবসায়ীর, আহত শিশু ছেলে ---
ঘাতক ট্রাকের চাপায় শ্রীপুরে পিতার মর্মান্তিক মৃত্যু, আহত শিশু পুত্র
- আপডেট সময় : ১০:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় কবির হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তাঁর ছেলে আদিব হাসান (১২) গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ধনুয়া গ্রামের জৈনা বাজার–গাজীপুর আঞ্চলিক সড়কের চিলানি বাড়ি সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কবির হোসেন ধনুয়া গ্রামের বাসিন্দা ও জৈনা বাজারের ওষুধ ব্যবসায়ী ছিলেন। দোকান বন্ধ করে ছেলে আবিদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কবির হোসেনের মৃত্যু হয় এবং তাঁর ছেলে গুরুতর আহত হয়।
আশপাশের লোকজন দ্রুত আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই কবির হোসেনের মৃত্যু হয়েছিল। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়, যদিও এলাকাবাসী ট্রাকটি আটক করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”














