দেবীদ্বারের মোচাগড়া গ্রামে পাগলাটে শিয়ালের হামলায় আহত ৭ জন—আশঙ্কামুক্ত সবাই
কুমিল্লার দেবীদ্বারে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭ জন
- আপডেট সময় : ১১:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হলে একটি বন্য শিয়াল হঠাৎ দৌড়ে এসে একজনকে কামড়ে দেয়। এরপর দ্রুত আরেকজনের পায়ে কামড় দিয়ে এলোমেলোভাবে আশপাশের আরও কয়েকজনকে আক্রমণ করে। শিয়ালের আচরণ ছিল পাগলাটে ও অস্বাভাবিক ধরনের।
এসময় স্থানীয়রা চিৎকার শুনে একত্রিত হয়ে শিয়ালটিকে ধরে ফেলে এবং পরে মেরে ফেলে। আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাদের র্যাবিস ভ্যাকসিন দেন।
আহতরা হলেন—জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক জানান, “শনিবার রাতে আহতদের হাসপাতালে আনা হলে তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত।”
স্থানীয়দের ধারণা, শিয়ালটি সম্ভবত জলাতঙ্কে আক্রান্ত ছিল, যার কারণে এমন অস্বাভাবিক আচরণ করেছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং প্রশাসন এ বিষয়ে সতর্ক থাকতে স্থানীয়দের পরামর্শ দিয়েছে।














