পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগে পূর্বখলিলপুরের মানুষ — প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের।
হরিরামপুরে জলবদ্ধতায় অতিষ্ঠ পূর্বখলিলপুরবাসী — পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেই
- আপডেট সময় : ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পূর্বখলিলপুর সুইচগেইট সংলগ্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলবদ্ধতা। প্রায় পাঁচ মাস ধরে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় স্থানীয়দের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

সরে জমিনে দেখা যায়, রাস্তা জুড়ে হাঁটু সমান পানি জমে থাকে। ফলে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণকে প্রতিদিন চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিষয়টি বারবার জানানো হলেও প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি।
পূর্ব খলিলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাব্বির হোসেন বলেন, “আমরা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি, কিন্তু এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”
সংগঠনের সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
স্কুলপড়ুয়া শিক্ষার্থী মোঃ আলামিন বলেন, “জলবদ্ধতার কারণে স্কুলে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে, প্রতিদিন পানির মধ্য দিয়ে যেতে হয়।”
স্থানীয় ভুক্তভোগী মোঃ জামিল বিশ্বাস জানান, “সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে, অথচ পানি নিষ্কাশনের কোনো ড্রেন নেই। দীর্ঘদিন ধরে এই ভোগান্তি চলছে।”
বলড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসনেয়ারা বেগম বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি, দ্রুত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।”
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন জানান, “আগের ইউএনওকে বিষয়টি জানানো হয়েছিল। আমি নতুনভাবে জেনেছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
স্থানীয়দের দাবি, অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা না হলে বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগ আরও বাড়বে।






















