মফস্বল সাংবাদিকদের নেতা ও সমাজসেবক আহমেদ আবু জাফরের জীবন ও অবদান
বিএমএসএফ প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের ৫০তম জন্মদিনে নানা শ্রোত থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা
- আপডেট সময় : ০৮:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ খ্রী:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক আহমেদ আবু জাফর আজ ৫০তম জন্মদিন উদযাপন করছেন। দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকতার উন্নয়ন ও মফস্বল সাংবাদিক সমাজের অধিকার রক্ষায় তাঁর অসামান্য অবদানকে কেন্দ্র করে নানা শ্রোত থেকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হয়েছে।
আহমেদ আবু জাফর তাঁর কর্মজীবন শুরু করেছিলেন একজন সাধারণ সাংবাদিক হিসেবে। ধীরে ধীরে তিনি সাংবাদিকতার প্রতিটি পর্যায়ে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাংবাদিক সমাজের দুর্বল ও অবহেলিত অংশের জন্য লড়াই করা তাঁর জীবনের মূল লক্ষ্য। পেশাগত নৈতিকতা ও সাংবাদিকতার মৌলিক স্বাধীনতা রক্ষায় তিনি নিবেদিতপ্রাণ।
বিএমএসএফ গঠনের মাধ্যমে তিনি মফস্বল সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছেন। তাঁর নেতৃত্বে ফোরামটি সাংবাদিকদের দাবি, কল্যাণ এবং সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করেছে।
আহমেদ আবু জাফর সাংবাদিক সুরক্ষার জন্য “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি-বাংলাদেশ” গঠন করেছেন। এছাড়াও ঢাকার বাহিরের সাংবাদিকদের জন্য প্রতিষ্ঠা করেছেন জার্নালিস্ট শেল্টার হোম, যেখানে সাংবাদিকরা স্বল্প খরচে থাকা ও খাওয়ার সুবিধা পাচ্ছেন।
সামাজিক দায়বদ্ধতা ও শিশু নিরাপত্তার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন চাইল্ড কেয়ার ইন বাংলাদেশ, এবং প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সেইফ এক্সপার্টিয়েট ইমিগ্রেশন প্রোগ্রাম-বাংলাদেশ। শিশু কিশোরদের সাইবার নিরাপত্তা রক্ষায় পরিকল্পনা করা হচ্ছে ডিজিটাল সেফটি ক্লাব। এছাড়া কৃষক ও মৎস্যজীবীদের জন্যও তিনি আলাদা পরিকল্পনা নিয়ে কাজ করছেন।
তিনি সাংবাদিক সংগঠনের জাতীয় জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন-এ্যাবজার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আহমেদ আবু জাফর সাহসী ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে উঠেছেন। সাংবাদিকতা ছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে তিনি সক্রিয়। বিএমএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “আহমেদ আবু জাফর শুধু একজন সফল সাংবাদিক নন, তিনি মফস্বল সাংবাদিকদের জন্য অবিচল নেতা। তাঁর অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শিতা আমাদের জন্য অনুপ্রেরণা।”
বর্তমানে তিনি সাংবাদিকদের মুখপত্র মিডিয়া ক্যানভাস এবং অনলাইন মিডিয়া বাংলা পোর্টাল-এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন।














