কারাগারের নিরাপত্তায় মহিলারক্ষীর সতর্কতা; গাঁজাসহ নারী আটক, ১৫ দিনের কারাদণ্ড
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নারী দর্শনার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
- আপডেট সময় : ০৩:৫৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের আরপি চেকপোস্টে দায়িত্ব পালনরত এক মহিলারক্ষীর সতর্কতা ও পেশাদারিত্বের মাধ্যমে এক নারী দর্শনার্থীর দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালেই কারাগারে বন্দির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ওই সন্দেহভাজন নারী।
কারা কর্তৃপক্ষ জানায়, নিয়মিত নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে মহিলারক্ষী দর্শনার্থীর দেহ তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত অভিযুক্ত নারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
কারাগার সূত্র জানায়, কারাগার এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। অবৈধ দ্রব্য পরিবহন, পাচার বা প্রবেশের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি মেনে চলছেন। একই সঙ্গে ভবিষ্যতেও কারাগারের নিরাপত্তা রক্ষায় কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
কারা প্রশাসন সাধারণ জনগণকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, নিরাপদ সমাজ গড়তে সকলের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।














