লামা সদর ইউনিয়নে কৃষকদল নেতৃবৃন্দের ঐক্য ও কৃষকের অধিকারের আহ্বান
নং লামা সদর ইউনিয়নে কৃষকদলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৩৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার ২ নং লামা সদর ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ নভেম্বর ২০২৫) বিকেলে ইউনিয়নের বৈল্লারচর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব রবিউল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, “আজকের এই সমাবেশ কৃষকদের সংগঠিত হওয়ার এক নতুন ধাপ। কৃষক শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হয়—তাই মাঠ পর্যায়ের সংগঠন আরও সক্রিয় করতে হবে।”
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ ইব্রাহিম। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে কৃষক তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষককে রক্ষা করতে পারলেই কৃষি ও অর্থনীতি টিকে থাকবে। কৃষকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদল নিবিড়ভাবে কাজ করছে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আমির হোসেন। তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বান্দরবানের ৩০০ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জনাব সাচিং প্রু জেরি বাবু ইতোমধ্যেই মনোনয়ন পেয়েছেন। এখন আমাদের দায়িত্ব—ঐক্যবদ্ধভাবে মাঠে নামা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন শুধু দলের নয়—এটি কৃষকের ন্যায্য অধিকার, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। তাই ব্যক্তিগত মত বা অভিমান পাশে রেখে সবাইকে ধানের শীষের পক্ষে একত্রিত হতে হবে।”
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক থোয়াইসে মং মার্মা। তিনি বলেন, “কৃষকদল শুধু রাজনৈতিক সংগঠন নয়—এটি কৃষকের সমস্যার সমাধান ও ন্যায্য দাবি আদায়ের প্ল্যাটফর্ম। তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন লামা সদর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ শামসুল আলম এবং পরিচালনা করেন সদস্য সচিব মোঃ হ্লাথোয়াই মার্মা। তাঁরা বলেন, “লামা সদর ইউনিয়নের প্রতিটি কৃষকই আমাদের শক্তি। আমরা মাঠে থাকবো কৃষকের পাশে, তাদের প্রত্যাশা ও অধিকার রক্ষার লড়াইয়ে।”
সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও অসংখ্য কৃষক উপস্থিত ছিলেন।














