চৌদ্দগ্রামের আলকরা এলাকায় মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারাল একমাত্র সন্তান সানভীর
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৬:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রেনের ধাক্কায় সাফরাত হোসেন সানভীর (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের আলকরা এলাকার বৈছামুড়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সানভীর উপজেলার আলকরা ইউনিয়নের কেন্দুয়া গ্রামের প্রবাসী রাজুর একমাত্র পুত্র। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা গভীর শোকে নিস্তব্ধ হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটির জেঠা নুর হোসেন সুজন বাড়ির পাশের রেললাইনের পাশে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর ভাতিজা সাফরাত হোসেন সানভীরও জেঠার খোঁজে একই পথে রওনা দেয়। জেঠা ভেবেছিলেন, শিশুটি কিছু দূর গিয়ে ফিরে আসবে। কিন্তু সে রেললাইনের পাশ ধরে হাঁটতে থাকে এবং মুহূর্তের মধ্যেই চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।
চাচা মোরশেদ আলম জানান, “খেয়াল না করায় আমাদের পরিবারের একমাত্র শিশুটি এভাবে মারা যাবে ভাবিনি। রেললাইনের পাশে চলাচলে আরও সতর্ক হওয়া উচিত।”
তবে শিশুর মৃত্যুর বিষয়ে লাকসাম জিআরপি থানা ও গুণবতী রেলস্টেশন কর্তৃপক্ষ কিছু জানে না বলে জানা গেছে।
স্থানীয়রা দুর্ঘটনাস্থলে ভিড় জমায় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।






















