আন্ধারমানিক পদ্মা নদীর ঘাটে ৬-৭ জনের হামলার অভিযোগ; মামলার পর চারজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ
হরিরামপুরে পর্যটকের ওপর হামলা-লুটের অভিযোগ, আটক ৪
- আপডেট সময় : ০৩:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ | ১১ আগস্ট ২০২৬: মানিকগঞ্জের হরিরামপুরে পর্যটকের ওপর হামলা করে মোবাইল ফোন ও টাকা লুটের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বয়ড়া খালপাড় এলাকার আন্ধারমানিক পদ্মা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে স্থানীয় পর্যটক নাঈম মোল্লা আন্ধারমানিক পদ্মা নদীর ঘাটে ঘুরতে যান। এ সময় ৬-৭ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মোবাইল ফোন ও টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর নাঈম মোল্লা হরিরামপুর থানায় গিয়ে বিষয়টি জানান। তার দেওয়া তথ্য ও শনাক্তের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—আন্ধারমানিক এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত ওরফে লাল (২২), একই এলাকার সাইফুল মিয়ার ছেলে মো. সাগর (২১), দড়িকান্দি এলাকার শরীফ শিকদারের ছেলে অভি শিকদার (২৩) এবং দিয়াপাড় এলাকার সাইম হোসেন (২৪)।
হরিরামপুর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪(১) ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোনে বলেন, “আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪(১) ধারায় মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে পদ্মা নদীর ঘাট ও পর্যটনকেন্দ্রিক এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মামলার অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধের দায় চূড়ান্তভাবে নির্ধারিত হবে।














