উন্নয়ন, শান্তিশৃঙ্খলা রক্ষা ও ডিজিটাল জনবান্ধব সেবা নিশ্চিত করার প্রত্যয় নবাগত ইউএনওর
রুহিয়ায় নবাগত ইউএনও মোঃ আলাউদ্দিনের যোগদান, জনবান্ধব সেবা ও উন্নয়নে সহযোগিতা চাইলেন
- আপডেট সময় : ০৭:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আলাউদ্দিন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রুহিয়া উপজেলা অস্থায়ী কার্যালয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার ও রুহিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খায়রুল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও মোঃ আলাউদ্দিনকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান রুহিয়া থানা পুলিশের কর্মকর্তা, উপজেলার অন্তর্ভুক্ত ছয়টি ইউনিয়নের স্থানীয় প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান, ১ নম্বর রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ তাহেরুল ইসলাম, ৪ নম্বর ঢোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায় এবং ৫ নম্বর রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
এছাড়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন রুহিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জন্য ডিজিটাল ও জনবান্ধব সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং সরকারি সেবার মান আরও বাড়াতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও উপস্থিত অতিথিরা রুহিয়া উপজেলার উন্নয়ন, জনসেবা ও সার্বিক কল্যাণে নবাগত ইউএনওকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নবাগত ইউএনওর দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। দায়িত্ব পালনে সকলের সহযোগিতার মাধ্যমে রুহিয়া উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।














