ঝিটকা আনন্দমোহন স্কুল গেট এলাকা থেকে আটক; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের
মানিকগঞ্জের হরিরামপুরে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান অব্যাহত
- আপডেট সময় : ১১:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ | ১ আগস্ট ২০২৬: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ২০ পিস ইয়াবাসহ ফয়সাল হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ। উপজেলার ঝিটকা আনন্দমোহন স্কুল গেট সংলগ্ন পাকা সড়ক এলাকা থেকে শুক্রবার (৩১ জুলাই) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ফয়সাল হোসেন উপজেলার গোপীনাথপুর গ্রামের মোজামপাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা (নং-০১(০৮)২৬) দায়ের করা হয়েছে।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, “মাদকবিরোধী আমাদের বিশেষ অভিযান চলমান থাকবে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





















