সরোজগঞ্জ বাজারে দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে ছুটে যান চুয়াডাঙ্গা-১ আসনের এমপি।
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আহতদের দেখতে হাসপাতালে ছুটলেন এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল
- আপডেট সময় : ০৩:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে সাদেমান বালিকা বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন, তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং স্বজনদের সান্ত্বনা দেন।
এ সময় এমপি মাসুদ পারভেজ রাসেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে এক্স-রে, রক্তের ক্রসম্যাচসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা বিনামূল্যে প্রদানের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
পাশাপাশি তিনি ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় রক্তের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেন। এ সময় তিনি বলেন, “যতটুকু রক্তের প্রয়োজন হবে, আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। প্রয়োজনে আমার সংগঠনের জনশক্তি রক্তদানে এগিয়ে আসবে। আহতদের চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি হতে দেওয়া হবে না।”
আহত ও তাদের স্বজনদের উদ্দেশে তিনি ধৈর্য ও সবর ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, “এই কঠিন সময়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন। মহান আল্লাহর রহমতের ওপর আস্থা রাখুন। আমরা আপনাদের পাশে আছি।”
তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় হতাহত বা আহতের চূড়ান্ত সংখ্যা এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।





















