উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বাদপড়া ২৯ শিক্ষার্থী পেল জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকা
উখিয়ায় ২৯ শিক্ষার্থীকে এইচপিভি (HPV) টিকা প্রদান সম্পন্ন, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের উদ্যোগ
- আপডেট সময় : ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ ও ১১ বছর বয়সী বাদপড়া ২৯ জন ছাত্রীকে সফলভাবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকা প্রদান করেছে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ টিকাদান কার্যক্রমে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সরকারের জাতীয় এইচপিভি টিকাদান কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ নুরী, স্বাস্থ্য সহকারী মোহাম্মদ জাফর আলম, ভ্যাক্সিনেটর মোহাম্মদ কামাল উদ্দিন, ইউনিসেফের প্রতিনিধি এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।
প্রধান শিক্ষক হারুনুর রশিদ নুরী বলেন, গত মাসে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দক্ষ টিম বিদ্যালয়ের ৬৪ জন ছাত্রীকে এইচপিভি টিকা প্রদান করেছিল। সেদিন অনুপস্থিত থাকা ২৯ জন ছাত্রীকে বুধবার অত্যন্ত যত্নসহকারে টিকা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, “উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে বর্তমান সরকারের এই জনস্বাস্থ্যবান্ধব উদ্যোগের প্রশংসা করছি। জরায়ুমুখ ক্যানসারের মতো ঝুঁকিপূর্ণ রোগ প্রতিরোধে এই টিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য, এইচপিভি (Human Papillomavirus) সংক্রমণ জরায়ুমুখ ক্যানসারের অন্যতম প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং বাংলাদেশ সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (EPI) আওতায় ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা প্রদান করা হচ্ছে, যা ভবিষ্যতে জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে কার্যকর হিসেবে স্বীকৃত।





















