রায়পুরার মনিপুরা ঘাটে গোসল করতে নেমে তলিয়ে যায় দশম শ্রেণির শিক্ষার্থী; দুই দিন পর ভাসমান মরদেহ উদ্ধার
মামার বাড়ি বেড়াতে এসে মেঘনা নদীতে নিখোঁজ, দুই দিন পর স্কুলছাত্র দীপু সরকারের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৪০:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

নরসিংদী | ২০ জুলাই ২০২৬: নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর দীপু সরকার (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দীপু সরকার উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের ছেলে। তিনি স্থানীয় আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীপু সরকার মামার বাড়িতে বেড়াতে এসে শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর এলাকার মনিপুরা ঘাটে তিনজন সমবয়সী বন্ধুর সঙ্গে মেঘনা নদীতে গোসল ও সাঁতার কাটতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে।
সঙ্গে থাকা অন্য কিশোররা বিষয়টি স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কিশোরগঞ্জের ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার সন্ধান না পাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
সোমবার সকালে স্থানীয়রা মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বজনদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে।
পরিবারের সদস্যরা মরদেহটি দীপু সরকারের বলে শনাক্ত করেন।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
নদীতে বর্ষা মৌসুমে স্রোত বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা শিশু-কিশোরদের নিরাপদ স্থানে গোসল ও সাঁতার কাটার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।





















