ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে দ্রুত গেজেট প্রকাশ ও উদ্বোধনের ঘোষণা
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
- আপডেট সময় : ০৭:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

দ্রুত সময়ের মধ্যেই জুলাই জাদুঘর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ঐতিহাসিক ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
সংস্কৃতিমন্ত্রী বলেন, জুলাই জাদুঘর চালুর জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এবং খুব শিগগিরই জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় জাদুঘরের পরিচালনা কমিটির কার্যক্রম কিছুটা বিশৃঙ্খল ছিল।
বর্তমানে নতুন কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংসদেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগির গেজেট প্রকাশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও বলেন, বিগত সরকার দেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচার ব্যবস্থাকে দীর্ঘ সময় ধরে ক্ষতিগ্রস্ত করেছে।
একই সঙ্গে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রত্নসম্পদেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। জনগণের মতামতের যথাযথ মূল্যায়ন না হওয়া এবং বিভিন্ন খাতে দুর্নীতির কারণেও দেশের উন্নয়ন ব্যাহত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকার হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার এবং দেশের সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণ, জাদুঘরের আধুনিকায়ন এবং ঐতিহ্যবাহী নিদর্শন রক্ষায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী কুমিল্লার ময়নামতি জাদুঘরে সংরক্ষিত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং শালবন বিহারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জুলাই জাদুঘর চালুর মাধ্যমে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।





















