সিলোনীয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় কোটি টাকার মালামাল লুট, আতঙ্কে স্থানীয়রা
দাগনভূঞায় দুর্ধর্ষ ডাকাতি: ২ কোটি টাকার মালামাল লুট, আতঙ্কে এলাকাবাসী
- আপডেট সময় : ০৭:৫৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা ডুপ্লেক্স ভবনে প্রবেশ করে পরিবারের সদস্যদের বেঁধে রেখে প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার জানান, আজিজ উল্ল্যাহ মাস্টারের ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের বাড়িতে ডাকাত দল হামলা চালিয়ে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ও মূল্যবান সামগ্রী লুট করে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আশপাশের এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তাদের বিরুদ্ধে মাদক কারবার, ছিনতাই ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও গরু চুরির মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।”
এর আগে একই এলাকায় মুদি ব্যবসায়ী আজাদের দোকানে ছিনতাই, এক শিক্ষিকার কাছ থেকে দিনের আলোয় মোবাইল ও স্বর্ণ ছিনিয়ে নেওয়া, এবং একাধিক গরু ডাকাতির ঘটনার অভিযোগ উঠলেও অধিকাংশ মামলায় এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। ক্রমবর্ধমান এসব ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ বাড়ছে।

















