স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, দালালচক্র থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সুপারের
ভোলা পুলিশ লাইন্সে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন
- আপডেট সময় : ০৮:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

ভোলা | ২৪ জুন ২০২৬: বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে ভোলা জেলা পুলিশ লাইন্সে বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা অংশগ্রহণ করেন।
নিয়োগ কার্যক্রমে ভোলা জেলার নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। তিনি সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ট্রেনিং), পুলিশ টেলিকম, ঢাকা মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এবং অতিরিক্ত পুলিশ সুপার (এলআইসি), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা সুমন আহমেদ শাওন।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল শেখ নজরুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার, বাউফল সার্কেল, পটুয়াখালী সব্যসাচী মজুমদার।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।
পরীক্ষা শেষে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে। তিনি প্রার্থীদের কোনো ধরনের দালালচক্র বা তৃতীয় পক্ষের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য কঠোরভাবে সতর্ক করেন।
তিনি প্রথম দিনের পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়ে পরবর্তী ধাপের পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত সময়ে পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।
বাংলাদেশ পুলিশের জনবান্ধব ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে ভোলায় অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, যোগ্য ও মেধাবী প্রার্থীদের মধ্য থেকেই ভবিষ্যৎ পুলিশ সদস্য নির্বাচন করা হবে।





















