পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও দেশীয় ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগের ব্যতিক্রমী আয়োজন
পীরগঞ্জে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন: দেশীয় ফল চাষ বৃদ্ধি ও পুষ্টি সচেতনতায় কৃষি বিভাগের উদ্যোগ
- আপডেট সময় : ০৮:১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও, পীরগঞ্জ | ১৮ জুন ২০২৬ : “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে একদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার।
মেলায় দেশীয় ও মৌসুমি বিভিন্ন জাতের প্রায় ৩৫টি ফলের প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ফল প্রদর্শনীতে স্থানীয় ফলচাষিরা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের ফল প্রদর্শন করেন। দর্শনার্থীরা ফলের গুণাগুণ, উৎপাদন পদ্ধতি ও পুষ্টিগুণ সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান লিমা, স্থানীয় ফলচাষি, কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, দেশীয় ফলে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি চাহিদা পূরণে জনগণকে নিয়মিত দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ফল মেলার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন কৃষকদের মধ্যে আধুনিক ফল চাষ প্রযুক্তি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করবে এবং ফল উৎপাদন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলায় আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, কলাসহ বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের সমাহার দর্শনার্থীদের আকর্ষণ করে। আয়োজকরা জানান, কৃষি খাতের উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।





















