দুই শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনার তদন্তে অগ্রগতি, দেশীয় অস্ত্রসহ এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ
নবীগঞ্জে দুই স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই মামলায় সাঁড়াশি অভিযান, অস্ত্রসহ ছিনতাইকারী আটক
- আপডেট সময় : ১২:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

নবীগঞ্জ, হবিগঞ্জ | ১৮ জুন ২০২৬: হবিগঞ্জের নবীগঞ্জ বাজারে দুই স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার গন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের গন্ধ্যা পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির নাম আক্তার। তিনি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো দা ও একটি ছুরি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত ১৭ মে নবীগঞ্জের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা এবং বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপর এক শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ওই ঘটনার পর থেকেই পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা চালিয়ে আসছিল।
এদিকে, একই চক্রের সদস্যরা আবারও মোটরসাইকেলযোগে নবীগঞ্জ শহরে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে আক্তারকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের এ সফল অভিযানের পর নবীগঞ্জবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষিকাদের কাছ থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের মতো ঘটনায় জনমনে যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছিল, পুলিশের দ্রুত পদক্ষেপে তা অনেকাংশে প্রশমিত হয়েছে। তারা মনে করেন, আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে এবং জনগণের আস্থা আরও বৃদ্ধি করবে।





















