স্বল্প খরচে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে কুমিল্লায় নতুন বিশেষায়িত হাসপাতাল
কুমিল্লায় ১০০ শয্যা বিশিষ্ট খায়রুন্নেসা-ইব্রাহিম বিশেষায়িত হাসপাতালের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৮:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি।।
“শৃঙ্খলাই জীবন” স্লোগান সামনে রেখে আস্থার স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে কুমিল্লায় উদ্বোধন হলো ১০০ শয্যা বিশিষ্ট খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতাল। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টার এলাকায় হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিস শারমীন এস মুরশিদ। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, এনএইচএন বোর্ড অব অ্যাডভাইজার্সের চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.বি.এম. মশিউজ্জামান, ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবর, প্রফেসর হাজেরা মাহাতাবসহ অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ.কে. আজাদ খান।
প্রধান অতিথি মিস শারমীন এস মুরশিদ বলেন, “স্বল্প খরচে আধুনিক স্বাস্থ্যসেবা এখন কুমিল্লার নাগরিকদের দোরগোড়ায়। এই হাসপাতাল কুমিল্লায় উন্নত চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচন করবে।”
অধ্যাপক এ.কে. আজাদ খান বলেন, “আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও মানবিক সেবার সমন্বয়ে খায়রুন্নেসা-ইব্রাহিম হাসপাতাল হবে দেশের অন্যতম সেরা স্বাস্থ্যসেবা কেন্দ্র।”
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, “এখন কুমিল্লার মানুষকে চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না। এই হাসপাতালেই বিশেষজ্ঞ চিকিৎসক, উন্নত ল্যাব ও বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা পাওয়া যাবে।”
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হবে। এটি শুধু একটি হাসপাতাল নয়, বরং কুমিল্লার মানুষের স্বাস্থ্যসেবায় আস্থার প্রতীক হয়ে উঠবে।

অনুষ্ঠানের শুরুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান মরহুম এটিএম শামসুল হক এর আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
লিফলেট সূত্রে জানা যায়, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে প্রতিষ্ঠিত এই হাসপাতালে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসা, আধুনিক ল্যাবরেটরি, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি, জরুরি বিভাগ, অ্যাম্বুলেন্স ও ২৪ ঘণ্টা ফার্মেসি সার্ভিসের ব্যবস্থা রয়েছে।














