রাজশাহীতে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কথিত সাংবাদিক চপল গ্রেফতার, হত্যা ও হামলার একাধিক মামলার তথ্য যাচাই করছে পুলিশ
- আপডেট সময় : ০৮:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১৮৮ বার পড়া হয়েছে

রাজশাহী | ২ জুন ২০২৬ : রাজশাহীর মোহনপুর উপজেলায় প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও কথিত সাংবাদিক মাজহারুল ইসলাম চপলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম চপল বিদিরপুর এলাকার মৃত মাহবুব আলমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় (ধারা ৪২০/৪০৬) আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
মামলার অভিযোগ অনুযায়ী, বাদীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চপলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। মামলার শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিদিরপুর এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
অনুসন্ধানে জানা গেছে, মাজহারুল ইসলাম চপলের বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধমূলক মামলার তথ্য রয়েছে। ২০০৮ সালে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। এছাড়া গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে।
এর আগে রাজশাহীর বাগমারা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মাজহারুল ইসলাম চপলের বিরুদ্ধে চন্দ্রিমা থানার একটি সিআর মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল। দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও হামলার অন্যান্য মামলার বিষয়েও তথ্য যাচাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
পুলিশ জানিয়েছে, মামলাসংক্রান্ত তদন্ত ও অন্যান্য অভিযোগের তথ্য যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





















