আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কমলাপুর গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষ, এলাকায় থমথমে অবস্থা
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০
- আপডেট সময় : ০৪:১৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কমলাপুর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নিলু মুন্সী (৫০)। তিনি কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে জড়িত উভয় গ্রুপই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার হোসেন মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। সোমবার সকালে প্রথমে আনোয়ার মুন্সীর ছেলেরা মুকসুদপুর হাসপাতালের গেটে নূর ইসলামকে আক্রমণ করে। এতে নূর ইসলাম আহত হন।
এর জেরে নূর ইসলামের সমর্থকরা আনোয়ার মুন্সীর বাড়িতে গিয়ে হামলা, ভাঙচুর ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ অন্তত ১১ জন আহত হন।
আহতদের প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত নিলু মুন্সী (৫০), রূপা বেগম (৪০), মিলন মুন্সী (৫২) ও দুলাল মুন্সী (৪০)কে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিলু মুন্সীকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আহত নূর ইসলাম (৩৩) মুকসুদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাব সদস্যরাও উপস্থিত রয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।














