নির্বাচনী প্রচারণায় যানজট সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতের তাৎক্ষণিক ব্যবস্থা
প্রচারণার প্রথম দিনেই আচরণবিধি লঙ্ঘন: মনিরামপুরে দুই প্রার্থীকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৯:৪৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

যশোর-৫ (মনিরামপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় দুই সংসদ সদস্য প্রার্থীকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর পৌর শহরের বিভিন্ন সড়কে নির্বাচনী প্রচারণাকালে অতিরিক্ত যানবাহন ও লোকসমাগমের মাধ্যমে যানজট সৃষ্টি এবং আচরণবিধি ভঙ্গের অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কলস প্রতীকের শহীদ ইকবাল হোসেনকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী এনামুল হককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাচনী প্রচারণাকালে নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে সড়কে যানজট সৃষ্টি করায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে কোনো প্রার্থী বা সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনিরামপুর উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।






















