গুলশানে সাংবাদিক সম্মেলনে ইনসানিয়াত বিপ্লবের দর্শন ও নির্বাচনী আহ্বান
ইনসানিয়াত বিপ্লব কোনো একক ধর্ম বা গোষ্ঠীর সংগঠন নয়: আল্লামা ইমাম হায়াত
- আপডেট সময় : ০৫:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে

মঈনউদ্দিন | চট্টগ্রাম প্রতিনিধি:
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ কোনো একক ধর্ম, একক মতবাদ, নির্দিষ্ট অঞ্চল কিংবা বিশেষ কোনো জনগোষ্ঠীর সংগঠন নয় বলে মন্তব্য করেছেন সংগঠনটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। তিনি বলেন, ইনসানিয়াত বিপ্লব মানবজীবনের স্রষ্টাপ্রদত্ত আত্মিক, প্রাকৃতিক ও নৈতিক দিকদর্শনের ওপর প্রতিষ্ঠিত এক সর্বজনীন মানবিক আন্দোলন।
ঢাকার গুলশান কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আল্লামা ইমাম হায়াত বলেন, ইনসানিয়াত বিপ্লব জীবনের স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবনের সত্যভিত্তিক অস্তিত্বের মৌলিক তত্ত্ব ও মুক্ত জীবনের প্রাকৃতিক দিকনির্দেশনা। এটি অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়া গঠনের প্রাকৃতিক দর্শন।
তিনি বলেন, ইনসানিয়াত বিপ্লব মানবজীবনের স্রষ্টাপ্রদত্ত মৌলিক আত্মিক, রাজনৈতিক ও প্রাকৃতিক দিকদর্শন এবং জীবনভিত্তিক বিশ্বব্যবস্থার একটি প্রাকৃতিক রূপরেখা। ভ্রষ্টতামুক্ত মানবজীবনের চিরন্তন সূত্রই হচ্ছে ইনসানিয়াত বিপ্লব।
আল্লামা ইমাম হায়াত আরও বলেন, ইনসানিয়াত বিপ্লব মানুষের মানবসত্তার ভিত্তি ও আত্মপরিচয়ের উৎস উপলব্ধির সংগঠন। এটি কেবল দেহকেন্দ্রিক ও প্রবৃত্তির অন্ধদাস জৈবিক মানুষ থেকে বিবেকবোধসম্পন্ন, ন্যায়-অন্যায়ের পার্থক্য অনুধাবনকারী, মানবিক চেতনায় সমৃদ্ধ ও আস্তিক্যভিত্তিক আলোকিত মানবাত্মা গঠনের আন্দোলন।
তিনি বস্তুবাদী জাতীয়তাবাদের সমালোচনা করে বলেন, বস্তুবাদের আঁধারে মানবসত্তা হারিয়ে মানুষ তার মানবিক চেতনা ও আত্মপরিচয় বিস্মৃত হচ্ছে। ইনসানিয়াত বিপ্লব এই আত্মিক মৃত্যু ও মানবাত্মার বিনাশ থেকে আত্মরক্ষার সংগঠন।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, এই আন্দোলন মানবসত্তার পুনরুজ্জীবনের পাশাপাশি মহান স্রষ্টা ও তাঁর রাসুল হযরত মুহাম্মদ (সা.) প্রদত্ত সব মানুষের আত্মমালিকানা ও দুনিয়ার সম্মিলিত মালিকানা ভিত্তিক খেলাফতে ইনসানিয়াত পুনরুদ্ধারের বিপ্লব।
তিনি আরও বলেন, সত্য ও মানবতার মুক্তির উৎস রাহমাতাল্লিল আলামীন হযরত মুহাম্মদ (সা.) প্রদত্ত নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতাভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া গড়ে তোলাই ইনসানিয়াত বিপ্লবের লক্ষ্য।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আল্লামা ইমাম হায়াত বলেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনয়ন বৈধতা অর্জনকারী মানবতার রাজনীতির প্রতিনিধিত্বকারী সকল প্রার্থীকে বিপ্লবী অভিনন্দন জানানো হচ্ছে। তিনি সত্য ও মানবতায় বিশ্বাসী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত সকল প্রার্থীকে আপেল মার্কায় ভোট দিয়ে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় অংশীদার হতে হবে।






















ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ জিন্দাবাদ