সরকারি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রাজারহাটে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১; অতিরিক্ত পুলিশ মোতায়েন
কুড়িগ্রামে সরকারি রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত ১, পুলিশি অভিযানে আটক ১০
- আপডেট সময় : ০৯:১৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জান্নাত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার ডাংঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত ওই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি একটি রাস্তা ব্যবহার ও দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জান্নাত। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
























