৫৯ ভোটারের অংশগ্রহণে ২০২৬–২০২৮ মেয়াদের কার্যকরী পরিষদ গঠন
ঈদগাঁওতে বাজুস নির্বাচন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন — উৎসবমুখর ভোটে নতুন নেতৃত্ব
- আপডেট সময় : ০৫:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

কক্সবাজার | ১৭ মে ২০২৬ :
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখার কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার (১৭ মে) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঈদগাঁও বাজারের স্বর্ণপট্টি এলাকায় বাজুস কার্যালয়ে ২০২৬–২০২৮ মেয়াদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিকেল আড়াইটার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি–২৬ এর প্রধান নির্বাচন কমিশনার মৃণাল আচার্য্য। ঘোষিত ফলাফলে সভাপতি পদে আরিফুর রহিম (প্রতীক: হাতি) ২৩ ভোটে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে উজ্জ্বল ধর (কাঁঠাল) ৪০ ভোটে, সাধারণ সম্পাদক পদে বিজন ধর (ঈগল) ৩৬ ভোটে এবং সাংগঠনিক সম্পাদক পদে তাপস দে (রজনীগন্ধা) ৩৬ ভোটে বিজয়ী হন।
কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন— টিংকু দত্ত (চিংড়ি), সুমল ধর (কাতাল মাছ), অজয় ধর (ফুটবল) এবং সৈকত ধর (সিলিং ফ্যান)।
এর আগে কোষাধ্যক্ষ পদে উজ্জ্বল ধর এবং প্রচার ও দপ্তর সম্পাদক পদে অয়ন ধর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক রাজন আচার্য্য ও জয়নাল আবেদীন।
ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর তাজ (জনি), ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, বাজুস কক্সবাজার জেলা শাখার সভাপতি সুভাষ ধর ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ওসমান গণি, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ-সভাপতি রায়হান আমিন, ঈদগাঁও প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, বিএনপি নেতা মোহাম্মদ আজমগীর, এমইউপি নুরুল হুদা, সুমন কান্তি দে, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম. আবু হেনা সাগরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফলাফল ঘোষণার সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী সেলিম, খোকন ধর, পরিমল দে, সুলাল ধর, সংবাদকর্মী এস. এম. তারেকুল হাসান (তারিক) ও আলা উদ্দিন উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী সেলিম জানান, মোট ৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটার মনজুরুল হক চৌধুরী বলেন, এ নির্বাচনে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিফলন ঘটেছে, যা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
ফলাফল ঘোষণার পর বিজয়ীদের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং একটি বিজয় মিছিল বের করা হয়।





















