সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের মামলা, পরিবারের দাবি—মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে
কিশোরগঞ্জে সাংবাদিককে ফাঁসানোর অভিযোগ, ২৪ দিন ধরে কারাবন্দি
- আপডেট সময় : ০৭:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে চাঁদাবাজির মামলায় জড়িয়ে ২৪ দিন ধরে কারাগারে রাখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা।
কারাগারে থাকা সাংবাদিক খায়রুল ইসলাম ফকির (৪০) হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি দৈনিক ও অনলাইন নিউজপোর্টাল ‘নয়া সংবাদ’-এর হোসেনপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের আসাদুজ্জামান কিরণ ও নজরুল ইসলামের মধ্যে মারামারি, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরদিন ২৭ ফেব্রুয়ারি সকালে সাংবাদিক খায়রুল ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করেন।
এই সংবাদ প্রকাশের পর থেকেই প্রভাবশালী মহলের রোষানলে পড়েন তিনি। এরপর গত ২ মার্চ নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এর তিনদিন পর ৫ মার্চ আসাদুজ্জামান কিরণের পক্ষ থেকে একটি পাল্টা মামলা দায়ের করা হয়, যেখানে ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ এনে খায়রুলকে প্রধান আসামি করা হয়।
পরিবারের অভিযোগ, শুধুমাত্র সংবাদ প্রকাশের কারণে প্রতিহিংসাবশত খায়রুলকে এই মামলায় ফাঁসানো হয়েছে। তারা দাবি করেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।
খায়রুল গত ৯ মার্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
এদিকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কারাগারে থাকায় পরিবারে চরম দুরবস্থা নেমে এসেছে। তার বৃদ্ধ মা, স্ত্রী ও তিন সন্তান মানবেতর জীবনযাপন করছেন।
বুধবার সকালে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা খায়রুলের নিঃশর্ত মুক্তি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।




















