বরগুনা-১ আসনে নিশ্চিত বিজয়ের দাবি ইসলামী আন্দোলনের আমীরের
গণঅভ্যুত্থানের পর চাঁদাবাজি ও স্টেশন দখলের বিরুদ্ধে পাহারাদার ছিলাম: আমতলীতে পীর সাহেব চরমোনাই
- আপডেট সময় : ০৫:১৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

মাইনুল ইসলাম রাজু |
আমতলী,বরগুনা প্রতিনিধিঃ
পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের পর একটি স্বার্থান্বেষী মহল চাঁদাবাজি ও স্টেশন দখলের উদ্দেশ্যে মাঠে নেমেছিল বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই।

তিনি বলেন, সে সময় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়সহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা পাহারাদারের ভূমিকা পালন করেছে।
শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে বরগুনার আমতলী উপজেলার পৌরসভা চত্বরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, “বরিশাল বিভাগের মধ্যে বরগুনা-১ আসনে আমরা নিশ্চিতভাবে বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। কেউ যদি ভোট কেটে নিতে আসে, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।”
তিনি বলেন, কেন্দ্র ও স্থানীয় সাংবাদিক এবং ভোটারদের কাছ থেকে যে জনমত পাওয়া যাচ্ছে, তাতে এই সাগরপাড় থেকেই ইসলামী আন্দোলনের বিজয়ের সূচনা হবে।
অন্যান্য রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে সোনার বাংলা কিংবা ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করলেও বাস্তবে জনগণের মুখে হাসি ফোটাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
পীর সাহেব চরমোনাই বলেন, “আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে মানুষের মুখে সত্যিকারের হাসি ফোটাবো—এটাই আমাদের অঙ্গীকার।”
বরগুনা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ও ইসলামী আন্দোলন বরগুনা জেলা সভাপতি মাওলানা মো. মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরিয়তুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আনুষ্ঠানিকভাবে বরগুনা-১ ও বরগুনা-২ আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ‘হাতপাখা’ তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।














