“সাংবাদিকতা গণতন্ত্রের রক্ষাকবচ”—গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
রাউজানে প্রেস ক্লাব নেতাদের সঙ্গে মতবিনিময়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী: সাংবাদিকরাই গণতন্ত্রের শক্তিশালী পাহারাদার
- আপডেট সময় : ০৯:৫৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সাংবাদিকরাই সবচেয়ে শক্তিশালী পাহারাদার। তাদের দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ লেখনীর ওপরই নির্ভর করে জনগণের সচেতনতা ও রাষ্ট্রের জবাবদিহি।”
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাউজানের গহিরাস্থ নিজ বাসভবনে রাউজান প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয়; এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। এ প্রক্রিয়ায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় উপস্থিত ছিলেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, মিডিয়া প্রতিনিধি জুয়েল চৌধুরী, প্রেস সচিব খোরশেদুল আলম, রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি কাজী সরোয়ার খান মঞ্জু, সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদার, সহ-সভাপতি মিলন বড়ুয়া, সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে. এম. বাহাউদ্দীন, দপ্তর সম্পাদক এ. কে. বাবর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুপন বিশ্বাস এবং সদস্য মিলন বৈদ্য শুভ, আতিক উল্লাহ ও মো. সাব্বির।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, “বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের কলম সবসময় সোচ্চার থাকবে—এটাই প্রত্যাশা।”
মতবিনিময় শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।






















