ইসলামপুর ইউনিয়নে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জেএসডি প্রার্থী সুমনের তারা প্রতীকের ব্যাপক গণসংযোগ
- আপডেট সময় : ০৮:৪৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর তারা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন দলটির মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন।
রবিবার (২৫ জানুয়ারি) সারাদিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে অংশ নেন তিনি। এ সময় তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
জেএসডি প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন চাঁপাইনবাবগঞ্জের সুপরিচিত জননেতা প্রয়াত এহসান খাঁনের সুযোগ্য সন্তান। পিতার রাজনৈতিক আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট চাইছেন তিনি—এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা।
গণসংযোগকালে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ভোটারদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
স্থানীয় জেএসডি নেতাকর্মীরা জানান, সাধারণ ভোটারদের মধ্যে তারা প্রতীক নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এ গণসংযোগ নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত ও গতিশীল করে তুলেছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।




















