সাত দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেতৃবৃন্দের
রাজশাহীতে সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির রাজশাহী জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়।
রাজশাহী জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি সামসুল রহমান মৃধার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সানাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কে এস হোসেন টমাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মোঃ ফারুক হোসেন ও মোঃ জসিম উদ্দিন দেওয়ান। এছাড়াও রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দলিল লেখকরা সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলিল লেখকরা নানাবিধ সমস্যার মুখোমুখি হয়ে আসছেন। এসব সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। সংগঠনের সাত দফা দাবি আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দলিল লেখকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যই সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যের মাধ্যমেই সরকারের নিকট তাদের ন্যায্য দাবি আদায় সম্ভব হবে।




















