মনোনয়নপত্র জমা আজ: স্বাক্ষরের বদলে টিপসই দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
মনোনয়নপত্র জমা শুরু, ব্যতিক্রমী সিদ্ধান্তে খালেদা জিয়া
- আপডেট সময় : ০৪:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে টিপসই দিয়েছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় তাঁর পক্ষে নির্ধারিত আসনগুলোতে দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়া এবারের নির্বাচনে তিনটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন—বগুড়া-৭, দিনাজপুর-৩ এবং ফেনী-১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে দিনাজপুর-৩ আসনের মনোনয়নপত্র গতকাল রবিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। জেলা বিএনপির শীর্ষ নেতারা মনোনয়নপত্রটি দাখিল করেন।
আজ বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন তাঁর উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপির সভাপতি। একই দিনে ফেনী-১ আসনের মনোনয়নপত্র জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু। বয়সজনিত জটিলতা ও শারীরিক অসুস্থতার কারণেই তিনি স্বাক্ষরের পরিবর্তে টিপসই ব্যবহার করেছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষেও আজ মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁর পক্ষে দলের প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন।
দীর্ঘদিন পর বিএনপির শীর্ষ নেতৃত্বের সরাসরি নির্বাচনী অংশগ্রহণে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আজ বিকেল ৫টার পর আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।






















