৬.৯ মাত্রার ভূমিকম্পে ঢাকা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে—৮ লাখের বেশি ভবন ধসের আশঙ্কা
মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে ৮.৬৫ লাখ ভবন: বিশেষজ্ঞদের ভয়াবহ সতর্কবার্তা
- আপডেট সময় : ০৯:৪২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকা ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে—এমন সতর্কতা দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজউকের সর্বশেষ গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। বলা হয়েছে, দিনে মধুপুর ফল্টে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ঢাকার প্রায় ৮ লাখ ৬৫ হাজার ভবন ধসে পড়তে পারে। এতে মৃত্যু হতে পারে দুই লাখেরও বেশি মানুষের, আর্থিক ক্ষতি ছাড়াতে পারে ২৫ বিলিয়ন ডলার।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভূমিকম্প–বিষয়ক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। বিশেষজ্ঞরা বলেন, ঢাকা মহানগর এমন ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে যে এখন আর বসে থাকার সুযোগ নেই। ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে রাজউকের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরামর্শ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, দুর্যোগের সময় গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদি সেবা কিভাবে দ্রুত বন্ধ করতে হবে—সেই প্রস্তুতিও জরুরি। প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবক দল গঠনের তাগিদও দেন তিনি।
আলোচনায় বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, ভবন কনস্ট্রাকশনের সঠিক তদারকি রাজউকের পক্ষে একা সম্ভব নয়। থার্ড পার্টির মাধ্যমে ভবন নিরীক্ষা বাধ্যতামূলক করা হলে ঝুঁকি অনেক কমবে।
গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ভূমিকম্প মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নিতে সরকার কাজ করছে। জনগণের প্রস্তুতি এবং সরকারি সংস্থাগুলোর সমন্বয় জরুরি বলে তিনি জানান। রাজউক চেয়ারম্যান জানান, নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিতে নতুন একটি কর্তৃপক্ষ গঠনের কাজ চলছে।
এর আগে ২০২৪ সালের জুনে রাজউকের আরেক গবেষণায় দেখা যায়, মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার মোট ভবনের ৪০ থেকে ৬৪ শতাংশ ধসে পড়তে পারে—যার গড় দাঁড়ায় ৫২ দশমিক ৫৩ শতাংশ।
২০১২ সালে মধুপুরের অরণখোলা ইউনিয়নের বোকারবাইদ গ্রামে এক ভূমিকম্পে এক কিলোমিটারজুড়ে বড় ফাটল তৈরি হয়েছিল। তখন থেকেই এই অঞ্চলে ভূমিকম্প আতঙ্ক বাড়তে থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, সময় খুব কম—এখনই প্রস্তুতি না নিলে বড় বিপর্যয় ঠেকানো কঠিন হবে।














