আমতলী উপজেলা প্রশাসন ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আমতলীতে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ পালিত
- আপডেট সময় : ০৫:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমতলীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জারিগানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে এনএসএস, ওয়ার্ল্ড ভিশন, এফএইচ এসোসিয়েশন, সিবিডিবি ও ইসলামিক রিলিফের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
সকাল ১১টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ শেষে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও বরগুনা জেলার দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক রূপ কুমার পাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—আমতলী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শ্যামল কৃষ্ণ কর্মকার, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিবিডিবির নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মিরাজ, আমতলী থানা পুলিশের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ভারপ্রাপ্ত ম্যানেজার চার্চিল দাস, এফএইচ এসোসিয়েশনের আমতলী উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ ছালেহ উদ্দিন ও মৃদুল চন্দ্র সরকার।
এদিকে একই দিন সন্ধ্যায় আল হেলাল চত্বরে এনএসএস এডুকোর সহযোগিতায় এমপাওয়ার প্রকল্পের আওতায় ১৫ দিনব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচিতে ওয়ার্ল্ড ভিশন, এফএইচ এসোসিয়েশন, সিবিডিবি ও ইসলামিক রিলিফ অংশগ্রহণ করে।






















