জনবল ও সরঞ্জাম সংকটে ডেঙ্গু রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে ফেনী জেনারেল হাসপাতাল
ফেনী জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের মেঝেতে চিকিৎসা, মশারির অভাবে চরম দুর্ভোগ
- আপডেট সময় : ০৫:৫৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি:
ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। টানানো হয়নি মশারি, ফলে রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জনবল ও সরঞ্জামের সংকটের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
ডেঙ্গু আক্রান্ত কলেজশিক্ষার্থী মোহাম্মদ ইদ্রিস (১৯) জানান, তিনি গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। প্রথম দুই দিন মেঝেতে মশারি ছাড়া চিকিৎসা নিতে হয়েছে। শনিবার একটি শয্যা খালি হলে সেখানে স্থান পান তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মেডিসিন ওয়ার্ডে মোট ৪৮টি শয্যা থাকলেও সোমবার সকালে ভর্তি ছিলেন ১৮৭ জন রোগী, যার মধ্যে সাতজন ডেঙ্গু আক্রান্ত। পর্যাপ্ত স্যালাইন ও ওষুধের অভাবে রোগীরা ভোগান্তিতে রয়েছেন।
সিভিল সার্জন মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, চলতি অক্টোবর মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ বেড়েছে। এ পর্যন্ত জেলায় ৪৬০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ২৫৯ জন শুধু অক্টোবর মাসেই। তবে মৃত্যুর কোনো খবর নেই।
ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক তানভীর মাহমুদ বলেন, “প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন রোগী ভর্তি থাকছেন। গুরুতর অবস্থার রোগীদের ঢাকা বা চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।”
হাসপাতালের আরএমও রোকন উদ দৌলা বলেন, “মেডিসিন ওয়ার্ডে তিন গুণের বেশি রোগী ভর্তি। জনবল ও সরঞ্জাম সংকটের কারণে আমরা হিমশিম খাচ্ছি। ডেঙ্গু রোগীদের জন্য দ্রুত মশারি টানানোর ব্যবস্থা করা হচ্ছে।”
ফেনী জেনারেল হাসপাতালের এই চিত্র জনস্বাস্থ্যের জন্য একটি সতর্কবার্তা। সঠিক ব্যবস্থাপনা ও দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।





















