কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক পাঁচটি অভিযানে ১২৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৯ দশমিক ০২ কেজি গাঁজা, চারটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করেছে ১৫ বিজিবি।
লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযান, ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৯ কেজি গাঁজাসহ ৪ মোটরসাইকেল জব্দ
- আপডেট সময় : ০৯:১৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

লালমনিরহাট | ২৪ আগস্ট ২০২৬ : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ১২৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৯ দশমিক ০২ কেজি গাঁজাসহ চারটি মোটরসাইকেল এবং একটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৩ ও ২৪ আগস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়নের অধীন চারটি বিওপির টহলদল পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচারের চেষ্টা করা হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বালারহাট বিওপির টহলদল পৃথক দুটি অভিযান চালায়।
কুড়িগ্রামের ফুলবাড়ী থানার চওড়াবাড়ি ও বালাটারী এলাকায় অভিযান চলাকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে আসতে দেখা যায়। বিজিবির টহলদল তাদের থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ২০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ছাড়া ২৩ আগস্ট দুপুর ১২টা ৫০ মিনিটে গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল বাজার, একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন কাশেম বাজার এবং ২৪ আগস্ট ভোর ৪টা ১৫ মিনিটে শিমুলবাড়ী বিওপির আওতাধীন ফুলবাড়ী উপজেলার জকুরতল এলাকায় আরও তিনটি পৃথক অভিযান চালানো হয়।
এসব অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা মোটরসাইকেল ও বাইসাইকেলসহ বিভিন্ন মালামাল ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে সংস্থাটি। পরে তল্লাশি চালিয়ে ১০১ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৯ দশমিক ০২ কেজি গাঁজা, দুটি মোটরসাইকেল এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর তথ্য অনুযায়ী, জব্দ করা ১২৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপের সিজার মূল্য ৫১ হাজার ২০০ টাকা। ৯ দশমিক ০২ কেজি গাঁজার মূল্য ৩১ হাজার ৫৭০ টাকা।
এ ছাড়া চারটি মোটরসাইকেলের সিজার মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা এবং একটি বাইসাইকেলের মূল্য ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৭ লাখ ৬০ হাজার ৭৭০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন জানিয়েছে, মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
তবে এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক বা গ্রেপ্তারের তথ্য জানানো হয়নি। জব্দকৃত মাদক ও যানবাহনের সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম চলমান রয়েছে।





















