র্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া-মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত
- আপডেট সময় : ০২:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ | ৫ আগস্ট ২০২৬: যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।
গতকাল বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুড অফিস মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে ফুড অফিস প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদারের নেতৃত্বে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের কাছে তাদের অবদানের ইতিহাস তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের স্মৃতি ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।





















