জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সংবিধানের দোহাই দিয়ে জনগণকে শাসন করতে চাইলে জাতি কাউকে ক্ষমা করবে না: নড়াইলে এমপি আতাউর রহমান বাচ্চু
- আপডেট সময় : ১১:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

নড়াইল | ১ আগস্ট ২০২৬: জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আতাউর রহমান বাচ্চু বলেন, “সংবিধানের দোহাই দিয়ে জনগণকে শাসন করতে চাইলে জাতি কাউকে ক্ষমা করবে না।”
তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকার সংবিধানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, গুম ও হত্যাকাণ্ড চালিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে যদি আবারও সংবিধানের অজুহাতে জনগণের ওপর শাসন কায়েমের চেষ্টা করা হয়, তবে দেশের মানুষ তা মেনে নেবে না।
এমপি আতাউর রহমান বাচ্চু আরও বলেন, আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও এখন একটি মহল জনগণের প্রত্যাশা উপেক্ষা করে পুরোনো সংবিধানের পক্ষে অবস্থান নিচ্ছে। ইতিহাসে সংবিধানকে ঢাল হিসেবে ব্যবহার করে জনগণের অধিকার দমনের কোনো প্রচেষ্টা সফল হয়নি। তাই জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-নড়াইল-খুলনা টিম সদস্য মীর্জা আশেক এলাহি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার জাকির হোসেন। এছাড়া বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদের সদস্য হেমায়েতুল হক হিমু, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকিদুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ মোহাম্মদ।
সমাবেশ শেষে একটি গণমিছিল পুরাতন বাস টার্মিনাল থেকে বের হয়ে শহরের রূপগঞ্জ, মুচিরপোলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।




















