মেধা ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতিতে জবির বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত, কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দিলেন শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ১২:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

ঢাকা | ১৮ জুন ২০২৬ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি দিতে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ডিনস অ্যাওয়ার্ড ২০২৬’।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা, মেডেল ও সনদ প্রদান করা হয় এ অনুষ্ঠানে।
বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলন, এমপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও একাডেমিক সাফল্যের প্রশংসা করে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। তিনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং একটি সমৃদ্ধ, জ্ঞানভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা সারমিন, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ মনজুর মোর্শেদসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন অনুষদের নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের হাতে মেডেল, সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি মুখর হয়ে ওঠে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক উৎকর্ষকে উৎসাহিত করতে প্রতিবছর ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, গবেষণামুখী শিক্ষা ও মানসম্পন্ন উচ্চশিক্ষার পরিবেশ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।




















