স্থানীয় ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও জনসেবার তথ্য নিয়ে ডিজিটাল তথ্যভাণ্ডার গড়ে তোলার উদ্যোগ
ঈদগাঁওতে তথ্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘EidgaonCity.com’-এর আনুষ্ঠানিক যাত্রা
- আপডেট সময় : ১০:২০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

কক্সবাজার, ২ জুন ২০২৬ : তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ গঠনের লক্ষ্যে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে তথ্যভিত্তিক ওয়েবসাইট ‘EidgaonCity.com’ (ঈদগাঁও সিটি ডটকম)। স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও জনসেবামূলক তথ্যকে এক প্ল্যাটফর্মে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার (১ জুন) বিকেলে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটির উদ্বোধন করে আলোক বর্তিকা যুব সমবায় সমিতি লিমিটেড।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ জুনাইদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। সহ-সভাপতি ইমরান বাইতুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তথ্যপ্রযুক্তি নির্ভর স্থানীয় উন্নয়ন, ডিজিটাল তথ্যসেবা এবং তরুণদের উদ্ভাবনী উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল হোসাইন নূরী, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসাইন, এসআই সাইফুল ইসলাম এবং ব্যবসায়ী নাছির উদ্দীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, সংগঠনের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সাইফ, ইউনুছ, ফারুক, ইব্রাহিম, জিসান, ইউনুস ফারুক, তৌহিদুল ইসলামসহ পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা।
উদ্যোক্তারা জানান, ‘EidgaonCity.com’ হবে ঈদগাঁও উপজেলার একটি সমন্বিত ডিজিটাল তথ্যভাণ্ডার। এখানে উপজেলার ইতিহাস, শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র, ব্যবসা-বাণিজ্য, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সামাজিক কার্যক্রম, স্থানীয় সংবাদ, জরুরি সেবা এবং নাগরিকদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংরক্ষণ ও প্রকাশ করা হবে।
তারা আরও বলেন, একদল স্বপ্নবান ও প্রযুক্তিপ্রেমী তরুণের সম্মিলিত সামাজিক উদ্যোগে গড়ে ওঠা এ প্ল্যাটফর্ম স্থানীয় জনগণের তথ্যপ্রাপ্তি সহজ করবে এবং ঈদগাঁওকে ডিজিটালভাবে বিশ্বদরবারে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















